প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৬:১৩ পিএম
ছবি: যাযাদিময়মনসিংহের নান্দাইলে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক শফিকুল ইসলাম সবি হত্যা মামলায় তিন সহোদরকে মৃত্যুদণ্ড এবং ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. সামছুদ্দিন এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজন হলেন মোজাম্মেল হক স্বপন, আপন মিয়া ও রিপন মিয়া। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন আবু বকর সিদ্দিক, কাঞ্চন মিয়া, রুবেল, পারভেজ, মোফাজ্জল হোসেন, কাশিদ, আল-আমিন, সুমন মিয়া, নয়ন মিয়া ও আসাদুল।
ময়মনসিংহ আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান জানান, ১৩ আসামির মধ্যে ১১ জনের উপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত রিপন মিয়া ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসাদুল পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, নান্দাইল উপজেলার চর ভোলামরির হযরত আরীর ছেলে কৃষক শফিকুল ইসলাম সবির সঙ্গে আসামিদের জমি নিয়ে আগে থেকেই বিরোধ চলছিল। এর জের ধরে ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি চর ভেলামারী চৌরাস্তা খেয়াঘাট এলাকার একটি কাপড়ের দোকানে বসে থাকা সবির ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করেন।
এ ঘটনায় নিহতের ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে নান্দাইল থানায় ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
মামলার তদন্ত শেষে আদালতে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা হয়। পরে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন আনোয়ার আজিজ টুটুল এবং আসামিপক্ষে এ কে এম আমানউল্লাহ বাদল মামলা পরিচালনা করেন।