ছবি: যাযাদিকোনো ধরনের বাহ্যিক চাপ দিয়ে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লংমার্চ বন্ধ করা যাবে না বলে জানিয়েছেন দলটির নেতা শওকত ইউসুফজাই। কর্মসূচি শেষ হবে কি না, সে সিদ্ধান্ত আদিয়ালা কারাগারে বন্দি দলটির প্রতিষ্ঠাতা ইমরান খানের ওপর নির্ভর করছে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার (৭ অক্টোবর) দেশটির গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শওকত ইউসুফজাই এসব কথা বলেন।
ইমরান খানের মুক্তি, তার সঙ্গে সাক্ষাতের সুযোগ এবং কারাগারে থাকা দলটির অন্যান্য নেতাকর্মীদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে পিটিআই লংমার্চ করছে। এ কর্মসূচিকে কেন্দ্র করে পিটিআই ও সরকারের মধ্যে আলোচনা চলছে।
প্রধানম ন্ত্রীকে উদ্দেশ করে শওকত ইউসুফজাই বলেন, ‘প্রধান মন্ত্রী, গণমাধ্যমে আলোচনা-আলোচনা খেলা বন্ধ করুন। যদি আপনাদের ক্ষমতা থাকে, তাহলে আমাদের ন্যায্য দাবিগুলো মেনে নিন।’
তিনি ইমরান খানের সঙ্গে সাক্ষাতের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, তাকে হাসপাতালে স্থানান্তর এবং তার মামলাগুলোর শুনানির দাবি জানান। একই সঙ্গে ইমরান খানের বোনসহ কারাগারে বন্দি সব নারীকে মুক্তি দেওয়ার দাবিও জানান তিনি।
সোহাইল আফ্রিদিকে ঘিরে চলমান পরিস্থিতি প্রসঙ্গে শওকত ইউসুফজাই বলেন, তার বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানো অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। ম্যান্ডেট কেড়ে নিলে সন্ত্রাসবাদ নির্মূল হবে না বলেও মন্তব্য করেন তিনি।
সন্ত্রাসবাদ মোকাবিলায় কেন্দ্রীয় সরকারকে প্রাদেশিক সরকারসহ সব অংশীজনকে নিয়ে আলোচনায় বসার আহ্বান জানান ইউসুফজাই। তার ভাষ্য, সোহাইল আফ্রিদিকে অগণতান্ত্রিক পদ্ধতিতে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলে উপজাতীয় জনগোষ্ঠীর মধ্যেও উদ্বেগ তৈরি হবে। এতে দেশের স্বার্থ রক্ষা হবে না এবং সন্ত্রাসবাদও কমবে না বলে মন্তব্য করেন তিনি।
এদিকে আলোচনার বিষয়ে পিটিআই নেতা ব্যারিস্টার গওহর বলেন, প্রধান মন্ত্রী শর্তসাপেক্ষে আলোচনার প্রস্তাব দিয়েছেন। সরকার তাদের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করছে। রাজনৈতিক দলগুলো সাধারণত কোনো শর্ত ছাড়াই আলোচনায় বসে। পিটিআই আলোচনায় বসতে অস্বীকার করেনি, তবে আলোচনা শর্তহীন হতে হবে।
গওহর বলেন, সরকার বাইরে এসে ভেতরের বিষয়গুলো নিয়ে আলোচনা করছে। সংবাদ সম্মেলনে যতটা সময় ব্যয় করা হয়েছে, তার অর্ধেক সময়ও যদি আলোচনায় দেওয়া হতো, তাহলে সমস্যার সমাধান হয়ে যেত। সরকারের কয়েকজন সদস্যের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে বলেও জানান তিনি। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা চলছে বলে মন্তব্য করেন এই পিটিআই নেতা।