বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফের পুশ ইনের চেষ্টা
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১১.১০.২০২৬ ১০:২৫ পিএম (প্রিন্ট সংস্করণ)
মেহেরপুরের গাংনী উপজেলার রং মহল সীমান্ত দিয়ে ছয় নারী-পুরুষকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে ইনডিয়ান সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে বিজিবির সতর্ক অবস্থানের কারণে তাদের বাংলাদেশে ঠেলে দেয়ার চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই ছয় জনকে ইনডিয়ার অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ। রবিবার ভোরে সীমান্তের ১৩৭ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। রংমহল বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার বেলায়েত হোসেন জানান, পুশ ইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর সকাল ৮টার দিকে বিএসএফ সদস্যরা ওই ছয় জনকে নোম্যান্সল্যান্ড থেকে ইনডিয়ার অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়। এ ঘটনায় সীমান্ত এলাকায় বিজিবির সতর্ক নজরদারি অব্যাহত রয়েছে।