বাসে ধর্ষণ : তিন জনের যাবজ্জীবন
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৫.১০.২০২৬ ১০:১৬ পিএম (প্রিন্ট সংস্করণ)
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে এক নারীকে ধর্ষণ করার অপরাধে তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক আনম ইলিয়াস ওই রায় ঘোষণা করেন। আদালত যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি দণ্ডিত প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- বাস চালক মো. আলতাফ, চালকের সহকারী মো. রাব্বি এবং বাসের কন্ট্রাক্টর সাগর ওরফে সজিব মাতাব্বর। তাদের মধ্যে আলতাফ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নান্দেরাই গ্রামের আব্দুর রবের ছেলে, রাব্বি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের খোকন মিয়ার ছেলে এবং সাগর ফরিদপুরের নগরকান্দা উপজেলার চাঁদর হাট বাজারের চুন্নু মাতাব্বরের ছেলে।