চুরির অভিযোগে গণপিটুনি, নিহত দুই
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৫.১০.২০২৬ ১০:১৬ পিএম (প্রিন্ট সংস্করণ)
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে মসজিদের মাইকে ঘোষণা দেয়ার পর দুই ব্যক্তি গণপিটুনিতে মারা গেছে। রবিবার ভোরে জেলার গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের উত্তর পানাপুকুর এলাকার পুকুরখুড়ির দোলা ক্যানেলে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার নোহালী ইউনিয়নের এনতাজ মিয়ার ছেলে রেজাউল ইসলাম ওরফে কানা (৫০) এবং কোলকোন্দ ইউনিয়নের আইয়ুব আলীর ছেলে ছাদেকুল ইসলাম (২৫)।
জানা যায়, রবিবার ভোরে গঙ্গাচড়া উপজেলার বাগপুর বাগেরহাট গ্রামের বাসিন্দা সোহেল মিয়ার বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় বিষয়টি টের পান চুরি যাওয়া অটো মালিক। এ সময় তার চিৎকার শুনে পাশের মসজিদের ইমাম বিষয়টি বুঝতে পেরে মসজিদের মাইকে ‘চোর, চোর’ বলে ঘোষণা দেন। পরে সেখানে স্থানীয় লোকজনের গণপিটুনিতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।