প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৫.১০.২০২৬ ১০:১২ পিএম (প্রিন্ট সংস্করণ)
সংগৃহীত ছবি এস আর এ হান্নান, মাগুরা
বাইরে থেকে দেখতে আর দশটি সাধারণ সেলুনের মতোই মনে হয়। কিন্তু ভেতরে পা রাখতেই বদলে যায় দৃশ্যপট। দেয়ালে দেয়ালে নানা কবিতা, ছন্দ আর অনুপ্রেরণামূলক বাক্য। কাচি-চিরুনির পাশাপাশি সুন্দর করে সাজানো সারি সারি বই। ক্ষৌরকর্মের অপেক্ষায় থাকা মানুষের হাত স্মার্টফোনের স্ক্রিনে বুদ হয়ে নয়, বরং রূপান্তর ঘটছে বইয়ের পাতায়।
মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া শিকদারের মোড়ে গড়ে ওঠা এই ব্যতিক্রমী প্রতিষ্ঠানটির নাম- ‘রাজু সেলুন জোন’। ২৪ বছর বয়সী রাজু আহম্মেদের জীবন সংগ্রাম মোটেও সহজ ছিল না। বাল্যকালেই মাকে হারানো রাজু পড়ালেখা বেশি দূর চালাতে পারেননি। জীবিকার তাগিদে মাত্র ১৭ বছর বয়সে শুরু ‘রাজু সেলুন জোন’- এর সূচণা করেন। কিন্তু ২০২১ সালে ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। প্রতিবেশী এক ব্যক্তি তাকে ‘নাপিত’ ও ‘অশিক্ষিত’ বলে কটূক্তি করেন। সেই অবহেলা ও অপমানের তীব্র আঘাত রাজুকে হতাশায় ডুবিয়ে দেয়নি, বরং পরিণত হয়েছে ঘুরে দাড়ানোর শক্তিতে। ক্ষোভ থেকে তিনি দোকানের নাম কিছুটা পরিবর্তন করে ‘অশিক্ষিত রাজু সেলুন জোন’ করেন।
তবে শুধু নামেই সীমাবদ্ধ থাকেননি রাজু; প্রতিজ্ঞা করেছিলেন জ্ঞান ছড়ানোর। ২০১৭ সালের শেষের দিকে কাস্টমারদের বোরিং সময় দূর করতে মাত্র ছয়টি বই দিয়ে শুরু করা সেই ছোট্ট উদ্যোগ আজ শতাধিক বইয়ের এক সমৃদ্ধ লাইব্রেরিতে রূপ নিয়েছে। ইসলামী বই, ছোটগল্প, উপন্যাস আর কবিতার সংগ্রহশালা; এই দোকানে এখন এসে ভিড় জমান স্থানীয় জ্ঞান পিপাসুরা। রাজুর এই মহতী উদ্যোগ দেখে অনেকে আবার নিজ উদ্যোগে বই উপহারও দিচ্ছেন।
জ্ঞানচর্চার পাশাপাশি রাজু গড়ে তুলেছেন মানবিকতার এক অনন্য নজির। এতিম শিশুদের জন্য এখানে চুল কাটা সম্পূর্ণ বিনামূল্যে। স্থানীয় মসজিদের ইমাম ও খতিবদের দেয়া হয় ৫০ শতাংশ ছাড়, আর প্রবীণদের জন্য রয়েছে বিশেষ সম্মানজনক সুবিধা।
রাজু আহম্মেদ আবেগী কণ্ঠে বলেন, ‘কেউ স্বেচ্ছায় অশিক্ষিত থাকে না, পরিস্থিতির কারণে কাজ বেছে নিতে হয়। এক ভদ্রলোক আমাকে অশিক্ষিত বলে অপমান করেছিলেন। সেই কষ্ট থেকেই বিচিত্র এই নাম দেয়া। আমার লক্ষ্য, মানুষ যেন এখান থেকে শুধু বাহ্যিক রূপ পরিবর্তন করে না ফিরে, কিছুটা জ্ঞানও সঙ্গে করে নিয়ে যায়।’ একদিন এই সেলুনটিকে আরো বড় পরিসরে এবং এটির ভেতরেই একটি পূর্ণাঙ্গ জ্ঞানকেন্দ্রে রূপ দেয়ার স্বপ্ন দেখেন রাজু।