প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৫.১০.২০২৬ ১০:১৬ পিএম (প্রিন্ট সংস্করণ)
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
নতুন ভোটার হতে এসে ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন এলাকার মানুষ। সরকারি কোনো প্রজ্ঞাপন ছাড়াই আগামী ২ নভেম্বর পর্যন্ত নতুন ভোটারদের ছবি তোলা হবে না বলে জানিয়ে দিয়েছেন সদ্য যোগদান করা উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা। এতে দূরদূরান্ত থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসা নতুন ভোটারদের ছবি না তুলেই বাড়ি ফিরতে হচ্ছে। বিশেষ করে ইউনিভার্সিটি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা ছুটি নিয়ে নির্বাচন অফিসে এসেও সেবা না পেয়ে হতাশ হয়ে ফিরছেন।
স্থানীয়দের অভিযোগ, নতুন ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে গাংনী উপজেলা নির্বাচন অফিসে এসে বারবার হয়রানির শিকার হতে হচ্ছে। কেউ কেউ দূরের এলাকা থেকে যাতায়াতের খরচ ও সময় ব্যয় করে অফিসে আসছেন। কিন্তু ছবি তোলার কার্যক্রম বন্ধ থাকায় তাদের ফিরে যেতে হচ্ছে। কবে ছবি তোলা হবে, তা জানার জন্য অপেক্ষা করতে হচ্ছে ফোন কলের। এতে নতুন ভোটার নিবন্ধনের স্বাভাবিক কার্যক্রম নিয়ে ভোগান্তি তৈরি হয়েছে।
এ বিষয়ে গাংনী উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা জানান, আগামী ২ নভেম্বরের আগে নতুন ভোটারদের ছবি তোলা সম্ভব নয়। তবে কী কারণে এ সময়ের মধ্যে ছবি তোলা সম্ভব হবে না, সে বিষয়ে তিনি সুস্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি। এ বিষয়টি নিয়ে মেহেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা একরামুল হকের জানান, গাংনী উপজেলা নির্বাচন অফিসে কেন নতুন ভোটারদের ছবি তোলা হচ্ছে না, তা খোজ নিয়ে দেখা হবে। অন্যদিকে খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের জানান, নতুন যারা ভোটার হবেন, তাদের ছবি তোলার কার্যক্রম চলমান রয়েছে। গাংনী উপজেলা নির্বাচন অফিসে ছবি তোলা বন্ধ রাখার বিষয়টি খোজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।