প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১২:১৮ পিএম
ছবি-যাযাদি জেএসপিএস–ইউজিসি যৌথ গবেষণা প্রকল্পের আওতায় জাপানের তোহোকু বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশি গবেষক দলের সদস্যরা। অক্টোবরের প্রথম সপ্তাহে সফরকালে তাঁরা সেমিনারে অংশগ্রহণের পাশাপাশি মাঠপর্যায়ের গবেষণা কার্যক্রম, গবেষণাগার ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।
গবেষণা প্রকল্পের বাংলাদেশ অংশের গবেষক দলের প্রধান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ডের শিক্ষক অধ্যাপক ড. শামীম মিয়া। বাংলাদেশি গবেষক দলের সদস্য হিসেবে সফরে অংশ নেন পবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. হাবিব মোহাম্মদ নাসের।
জাপানের গবেষক দলের প্রধান ও তোহোকু বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান গবেষণাগারের অধ্যাপক ড. তমো ইউকো মেকিনোর নেতৃত্বে বাংলাদেশি গবেষক দল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গবেষণা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে। এ সময় তাঁরা গবেষণার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা নেওয়ার পাশাপাশি সেমিনারে অংশ নেন এবং গবেষণাগার ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য স্থাপনা ঘুরে দেখেন।
জেএসপিএস–ইউজিসি যৌথ গবেষণা প্রকল্পের আওতায় এ সফরের মাধ্যমে দুই দেশের গবেষকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও গবেষণায় পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি হয়েছে।