প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৫:৩৭ পিএম
ছবি-যাযাদি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে দুই দিনব্যাপী মাইকিং করা হয়েছে। গতকাল মঙ্গলবার ও আজ বুধবার (১৩ ও ১৪ অক্টোবর) উপজেলার বিভিন্ন হাটবাজার ও জনবহুল এলাকায় এ প্রচার চালানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তর ও চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের নির্দেশনায় এ কর্মসূচি নেওয়া হয়। প্রচারে বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার কামড় থেকে সুরক্ষিত থাকতে মশারি ব্যবহারের আহ্বান জানানো হয়।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসার পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। এ লক্ষ্যে মাইকিংয়ের পাশাপাশি লিফলেট বিতরণ ও উঠান বৈঠকের মাধ্যমে মানুষকে সচেতন করা হচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী টিকাদান কর্মসূচি জোরদার এবং নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানও পরিচালনা করা হচ্ছে।
ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।