প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৯:০৫ পিএম
ছবি-যাযাদি লক্ষ্মীপুর সদর উপজেলায় কর্মপ্রত্যাশী বেকার যুবক ও যুব নারীদের দক্ষতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে পোশাক তৈরির প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
যুব উন্নয়ন অধিদপ্তর, লক্ষ্মীপুর সদরের আয়োজনে দক্ষতা বৃদ্ধিমূলক অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর, লক্ষ্মীপুরের উপপরিচালক মো. সালেহ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিজাম উদ্দিন সোহেলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ প্রশিক্ষণের মাধ্যমে কর্মপ্রত্যাশী বেকার যুবক ও যুব নারীরা পোশাক তৈরির ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে তাঁরা ভবিষ্যতে আত্মকর্মসংস্থান, ক্ষুদ্র উদ্যোগ গড়ে তোলা কিংবা পোশাক তৈরির প্রতিষ্ঠানে কাজের সুযোগ সৃষ্টির পথে এগিয়ে যেতে পারবেন।
যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করা এবং বেকারত্ব হ্রাসে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।