ইছামতি বিলে নীল শাপলার হাসি
এস আর এ হান্নান, মহম্মদপুর (মাগুরা)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৫.১০.২০২৬ ৬:৩৫ পিএম (প্রিন্ট সংস্করণ)
ইছামতি বিলে ফুটন্ত নীল শাপলা —যাযাদি বিল জুড়ে টলটলে কালচে পানি। ওপরে শুভ্র ও মেঘলা আকাশের লুকোচুরি। তার মাঝেই দিগন্ত বিস্তৃত এলাকা জুড়ে ফুটে আছে দুর্লভ ও মনোহরী ‘নীল শাপলা’। বিস্তৃর্ণ জলাভূমির বুক চিরে জেগে ওঠা এই নীল রূপের শোভায় চোখ জুড়িয়ে যায় যে কোনো পথচারি-পথিকের। প্রকৃতির এমন এক অপরূপ ও মনোমুগ্ধকর দৃশ্য ফুটে উঠেছে মাগুরার মহম্মদপুর উপজেলার ইছামতি বিলে। সচরাচর জাতীয় ফুল শাপলার প্রাচুর্য এবং কোথাও কোথাও লাল শাপলা দেখা গেলেও ইছামতি বিলের চিত্র ভিন্ন। এখানে জলজ উদ্ভিদের ডালপালার মাঝে মাথা উচু করে দাড়িয়ে আছে অজস্র নীল শাপলা।
রূপকথার পৌরাণিক সাহিত্যের সেই ‘নীলকমল’ কিংবা কবি জীবনানন্দ দাশের নীলমণি পদ্মের রূপ যেন বাস্তব রূপ নিয়ে ধরা দিয়েছে এই বিলে। বিলজুড়ে শুধু ফুলই নয়, রয়েছে জীববৈচিত্র্যের এক অপূর্ব রূপ। মাছ শিকারের জন্য ওৎ পেতে থাকে বক ও মাছরাঙা পাখি। বিলের শান্ত পানিতে কয়েক জন স্থানীয় বাসিন্দা ছোট ছোট তালের ডোঙ্গায় ভেসে ধরে চলছেন দেশীয় মাছ। সব মিলিয়ে পুরো এলাকায় বিরাজ করছে এক অনাবিল শান্তির আবহ। জলরাশির বুকে ফুটে থাকা নীল ফুলের সারি যেন প্রকৃতির আকা এক অনন্য ও অনবদ্য ছবি।
যান্ত্রিক শহরের কোলাহল ছেড়ে নীল শাপলার অপরূপ সমারোহ, বিস্তীর্ণ জলরাশি আর গ্রামীণ পরিবেশ; সব মিলিয়ে ইছামতি বিল হতে পারে প্রকৃতি প্রেমীদের আকর্ষণীয় গন্তব্য। শহরের কোলাহল পেরিয়ে নির্মল প্রকৃতির সান্নিধ্য পেতে এই বিলে ঘুরে আসা হতে পারে প্রশান্তিময় এক অভিজ্ঞতা।