প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৫.১০.২০২৬ ৬:৩৮ পিএম (প্রিন্ট সংস্করণ)
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর মেডিকাল কলেজ হসপিটালে দুটি যন্ত্র ক্রয়ে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয় করা হয়েছে বলে দুদক জানিয়েছে। যার মধ্যে বিগত নয় বছর আগে ক্যাথল্যাব স্থাপন করা হলেও চালু হয়নি এবং লিনিয়ার এক্সেলেটর বস্তাবন্দি অবস্থায় রয়েছে। এ ছাড়া এমএসআর (চিকিৎসা সামগ্রী) ক্রয়ে অনিয়ম ও অব্যবস্থাপনার তথ্য পেয়েছে সংস্থাটি। একই সঙ্গে সেগুলোর রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে এবং অনুসন্ধান ও বিশ্লেষণ শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে।
মঙ্গলবার রাতে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজ। এর আগে সোমবার সকালে এ অভিযান শুরু হয় এবং মঙ্গলবার রাতে শেষ করেন। এতে তার নেতৃত্বে ৮ জন সদস্য অংশ নেন।
দুদক কর্মকর্তা জানান, চিকিৎসা সেবা প্রদানে হয়রানি, দালাল চক্রের মাধ্যমে রোগীদের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো এবং আউটসোর্সিং নিয়োগে অনিয়ম, ক্রয়-বিক্রয়সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে প্রধান কার্যালয়ের নির্দেশে এ অভিযান চালানো হয়। এ সময়ে নানা অনিয়মের তথ্য মিলেছে বলে তিনি উল্লেখ করেন। অপরদিকে গত এক মাসে হসপিটালের এম্বুলেন্স ভাড়ার কোনো অর্থ জমা হয়নি বলে তারা অনুসন্ধানে তথ্য পেয়েছেন।