প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৫.১০.২০২৬ ৯:৪৭ পিএম (প্রিন্ট সংস্করণ)
ফরিদপুর প্রতিনিধি
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে নতুন উদ্যোগ নিয়েছে ফরিদপুর জেলা পরিষদ। জেলা পরিষদের দুটি স্থাপনার ছাদে মোট ৬০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। উৎপাদিত বিদ্যুৎ নেট মিটারিং পদ্ধতিতে জাতীয় গৃডে সরবরাহও শুরু হয়েছে।
বৃহস্পতিবার এ কার্যক্রমের উদ্বোধন ও দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী বাস্তবায়িত এ প্রকল্পের আওতায় জেলা পরিষদের প্রকৌশল শাখার ভবনের ছাদে ৪০ কিলোওয়াট এবং সদর ভিআইপি ডাকবাংলোর ছাদে ২০ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করেছে বিদ্যুৎ বিতরণ বিভাগের তালিকাভুক্ত প্রতিষ্ঠান মার্শ পাওয়ার টেকনলজি লিমিটেড। চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি আগামী ২০ বছর সৌরবিদ্যুৎকেন্দ্রগুলোর মেরামত ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে।
এ উপলক্ষে ফরিদপুর জেলা পরিষদ ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্টৃবিউশন কম্পানি লিমিটেডের (ওজোপাডিকো-১) ফরিদপুর বিক্রয় ও বিতরণ বিভাগের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে সৌরবিদ্যুৎ থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গৃডে সরবরাহ করা সম্ভব হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বাকাহীদ হোসেন, ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, ফরিদপুর সদর উপজেলার ইউএনও মেশকাতুল জান্নাত রাবেয়া, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা প্রমুখ।