প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৬.১০.২০২৬ ৯:৩৬ পিএম (প্রিন্ট সংস্করণ)
সংগৃহীত ছবিসনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে ঢাক-ঢোল ও বাদ্যযন্ত্রের বিরাট হাট বসেছে কিশোরগঞ্জের কটিয়াদীতে। ঢাক-ঢোল ছাড়াও নানা ধরনের বাদ্যযন্ত্র ওঠে এই হাটে। তবে কোনো বাদ্যযন্ত্র বেচাকেনা হয় না এখানে। বাদ্যযন্ত্রের বাদকেরা অর্থের বিনিময়ে কেবল পূজা চলাকালীন আয়োজকদের সঙ্গে চুক্তিবদ্ধ হন।
কার চুক্তিমূল্য কত হবে, তা নির্ধারণ হয় ঢাকিদের দক্ষতার ওপর। পূজা উদযাপন কমিটির কর্তারা যাচাই করে নেন ঢাকিদের দক্ষতা। ৫০০ বছরের পুরনো এ হাটে দেশের দূর-দূরান্ত থেকে আগত বাদ্যদলকে ভাড়া করতে ভিড় করছেন বিভিন্ন এলাকার পূজারীরা। তাদের নিরাপত্তায় সতর্ক ভূমিকা পালন করছেন এলাকাবাসী ও পুলিশ।
কটিয়াদী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘পূজাসহ ঢাকের হাটের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। হাটটি সবসময় আমাদের নজরে রয়েছে।’ কিশোরগঞ্জ-২ আসনের এমপি এড. জালাল উদ্দিন বলেন, ‘পাচ শত বছরের ঐতিহ্যবাহী ঢাকঢোলের হাট কটিয়াদী উপজেলার ঐতিহ্য ধরে রেখেছে। এ ঐতিহ্য জেলার ও দেশের গর্ব।’