প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১:১২ পিএম
চিত্রনায়িকা পরীমনি চিত্রনায়িকা পরীমনি বধূর সাজে ধরা দিয়ে নজর কেড়েছেন ভক্তদের। টুকটুকে লাল শাড়ি, মাথায় রাজকীয় মুকুট, গা-ভরা সোনালি গয়না আর হাতে গোলাপি পদ্মফুল ঐতিহ্যবাহী কনের সাজে অভিনেত্রীর নতুন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে মুগ্ধতা।
মেকআপ আর্টিস্ট জাহিদ খান তার ফেসবুক পেজে পরীমনির বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন। ছবিগুলোতে লাল শাড়ি ও সোনালি কারুকাজের আঁচলে অপরূপ সাজে দেখা গেছে এই নায়িকাকে। মাথায় সাদা অলংকারের মুকুট, কপালে টিকলি ও লাল টিপ, কানে ভারী ঝুমকা এবং গলায় একাধিক স্তরের সোনালি নেকলেস তাঁর সাজে যোগ করেছে ভিন্নমাত্রা।
হাতে লাল-সোনালি চুড়ি, আঙুলে আংটি ও হাতজুড়ে মেহেদির নকশা দেখা গেছে। হাতে গোলাপি পদ্মফুল আর ক্যামেরার দিকে তাকানো মায়াবী অভিব্যক্তিতে নজর কেড়েছেন তিনি। লালচে আলোকসজ্জার পটভূমিতে পুরো সাজে ফুটে উঠেছে বাঙালি বধূর ঐতিহ্যবাহী রূপ।
ছবিগুলোর ক্যাপশনে শুধু ‘পরী’ শব্দটি ব্যবহার করা হয়েছে। তবে এই বধূবেশের পেছনের কারণ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এটি নতুন কোনো ফটোশুট, নাকি বিশেষ কোনো আয়োজনের অংশ, তা নিয়েও তৈরি হয়েছে কৌতূহল।