গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত দুই
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৮.১০.২০২৬ ১০:৩৫ পিএম (প্রিন্ট সংস্করণ)
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ
গোপালগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই জন পথচারী নিহত হয়েছেন। শনিবার রাতে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া বাসস্ট্যান্ডে ও ভেন্নাবাড়ি গ্রামের সানপুকুরিয়া খেয়াঘাট এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
শনিবার রাতে করপাড়া বাস স্ট্যান্ডে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়ক পার হতে গেলে পথচারী কৃষ্ণ বিশ্বাস (৩৫) অজ্ঞাত একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশে ছিটকে পড়ে মোটরসাইকেল চালকসহ উভয়ে মারাত্মক আহত হন। পরে তাকে খুলনায় নেয়ার পথে তিনি মারা যান। অপর দিকে, একই দিন সন্ধ্যায় একই আঞ্চলিক মহাসকের উত্তর ভেন্নাবাড়ি গ্রামের সানপুকুরিয়া খেয়াঘাট এলাকায় রাস্তার পার্শ্ব দিয়ে হেটে চায়ের দোকানে যাওয়ার সময়ে অজ্ঞাত দুর্গা পূজার টহল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুলাল মিস্ত্রিকে (৭০) ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে ছিটকে পড়ে নিহত হন।