প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৮.১০.২০২৬ ১০:২৯ পিএম (প্রিন্ট সংস্করণ)

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন গ্রাম-মহল্লায় অনলাইন জুয়া ও মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে তরুণ ও যুব সমাজের একটি অংশের মধ্যে স্মার্টফোনে অনলাইন জুয়ায় আসক্তি এবং মাদক সেবনের অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকরা।
স্থানীয়দের অভিযোগ, স্কুল-কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়া কিছু শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে না গিয়ে বিভিন্ন স্থানে আড্ডা দিচ্ছে। সেখানে স্মার্টফোনে অনলাইন ক্যাসিনো, বেটিং ও বিভিন্ন জুয়ার অ্যাপে সময় কাটানোর অভিযোগ রয়েছে। পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের কেনাবেচা ও সেবন নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের আশঙ্কা, সময়মতো এসব কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা না গেলে তরুণ প্রজন্মের শিক্ষা জীবন, পারিবারিক বন্ধন ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে।
এলাকাবাসীর মতে, অনলাইন জুয়া ও মাদক প্রতিরোধে আরো জোরালো ও ধারাবাহিক পদক্ষেপ প্রয়োজন। তাদের দাবি, যেসব স্থানে এসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে, সেগুলো চিহ্নিত করে তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি মাদক কারবারি ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি মো. জুলফিকার আলী বলেন, ‘কালীগঞ্জ উপজেলা থেকে কিভাবে অনলাইন জুয়ার আসর বন্ধ করা যায়, সে বিষয়ে সর্বাত্মকভাবে কাজ করব।’
এদিকে কালীগঞ্জের সচেতন নাগরিকরা উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ কামনা করেছেন। তাদের দাবির মধ্যে রয়েছে, সন্দেহভাজন জুয়া ও মাদকের স্পটে আইনানুগ অভিযান, শিক্ষার্থীদের উপস্থিতি ও আচরণে নজরদারি, মাদক বিরোধী সচেতনতামূলক কার্যক্রম এবং অনলাইন জুয়ার ক্ষতিকর দিক সম্পর্কে প্রচার বাড়ানো।