প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৬:০৪ পিএম
ছবি: যাযাদিইবাদত ও আমল একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে করা উচিত। মানুষের প্রশংসা, সম্মান কিংবা বাহবা পাওয়ার জন্য কোনো আমল করা উচিত নয় বলে মন্তব্য করেছেন আমীরে হিযবুল্লাহ আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)।
তিনি বলেন, লোকদেখানো ইবাদত মানুষের আমলের প্রকৃত উদ্দেশ্যকে ব্যাহত করে। তাই প্রত্যেক মুসলমানের উচিত নিয়তের বিশুদ্ধতা রক্ষা করা এবং সব ধরনের আমল একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পাদন করা।
তিনি আরও বলেন, মানুষের বাহ্যিক আচরণ ও আনুষ্ঠানিকতার চেয়ে অন্তরের একনিষ্ঠতা, তাকওয়া এবং আমলের বিশুদ্ধতা বেশি গুরুত্বপূর্ণ। ইবাদতের ক্ষেত্রে আত্মপ্রচার ও লোকদেখানো মনোভাব পরিহার করে কোরআন-সুন্নাহর নির্দেশনা অনুসরণ করতে হবে। ব্যক্তিজীবন, পরিবার ও সমাজে ইসলামের আদর্শ প্রতিষ্ঠায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
সোমবার (১৯ অক্টোবর) নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকার ঘারমোড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত ঈছালে ছওয়াব, ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ছারছীনা দরবার শরীফের পীর ছাহেবের শুভাগমন উপলক্ষে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর বন্দর থানা শাখা এবং সংগঠনটির অঙ্গসংগঠন আইম্মায়ে হিযবুল্লাহ, যুব হিযবুল্লাহ ও ছাত্র হিযবুল্লাহ এ মাহফিলের আয়োজন করে।
মাহফিলে আরও আলোচনা করেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্চুন্নাত জামেয়ায়ে নেছারীয়া দীনিয়ার নায়েবে মুদীর মাওলানা মো. মামুনুল হক এবং পীর ছাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মো. মোহেব্বুল্লাহ আল মাহমুদসহ অন্যরা।
মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ, যুব হিযবুল্লাহ ও ছাত্র হিযবুল্লাহর নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং মহান আল্লাহর সন্তুষ্টি কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন হযরত পীর ছাহেব কেবলা।