প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৭:২২ পিএম
ছবি-যাযাদি নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা এবং সুনামগঞ্জের দোয়ারাবাজারে সাংবাদিক মোহাম্মদ আব্দুল মোতালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে উপজেলা কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা, হত্যা, হুমকি ও হয়রানি স্বাধীন সাংবাদিকতার জন্য বড় বাধা। জনস্বার্থে সংবাদ সংগ্রহ ও প্রকাশ করতে গিয়ে কোনো সাংবাদিক যেন নিরাপত্তাহীনতায় না ভোগেন, তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। তাঁরা সাংবাদিক হত্যা ও হামলার ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের তাহিরপুর উপজেলা প্রতিনিধি আলম সাব্বির, সমাজসেবক আবুল হুসেন, বাদাঘাট বণিক সমিতির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সারোয়ার হুসেন, দৈনিক কালেরকণ্ঠ তাহিরপুর মাল্টিমিডিয়া প্রতিনিধি আবির হাসান মানিক, উপস্থিত ছিলেন দৈনিক সংবাদের তাহিরপুর উপজেলা প্রতিনিধি কামাল হোসেন রাফি, এনটিভির মাল্টিমিডিয়া প্রতিনিধি জাহাঙ্গীর আলম ভূঁইয়া, দৈনিক এদিন প্রতিনিধি সামায়ুন আহমদ, দৈনিক বাংলার প্রতিনিধি আবুল কাশেম, দৈনিক হাওর বাংলার প্রতিনিধি আজহারুল ইসলাম সুহাগ, দৈনিক নিউজ বাংলার প্রতিনিধি বাবুল মিয়া এবং দৈনিক আলোর সকাল আব্দুল মান্নান প্রমুখ ।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাতে নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা করা হয়। অন্যদিকে, গত ১৮ অক্টোবর সন্ধ্যায় সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাদকসংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মোহাম্মদ আব্দুল মোতালিব ভূঁইয়ার ওপর হামলার ঘটনা ঘটে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। এসব ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।