রুহুল কবীর রিজভী
খালেদা জিয়ার দেখিয়ে দেয়া গণতন্ত্রের পথেই আমাদের পথচলা
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১২:০০ এএম (প্রিন্ট সংস্করণ)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, ‘গণতন্ত্রের মাতা ও আপসহীন দেশনেত্রী খালেদা জিয়ার দেখিয়ে দেয়া গণতন্ত্রের পথেই বিএনপির পথচলা।’ মঙ্গলবার দুপুরে মতিঝিল এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘যতদিন বাংলাদেশ থাকবে, জাতীয়তাবাদ থাকবে, ততদিন দেশনেত্রী খালেদা জিয়ার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’ তিনি বলেন, ‘খালেদা জিয়া শিখিয়েছেন কিভাবে দেশকে ভালোবাসতে হয় এবং দেশের জন্য নিজের ও পরিবারের নিরাপত্তা, সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিতে হয়।’
তিনি আরো বলেন, ‘১৯৭১ সালে নিজের পরিবারের সদস্যদের নিরাপত্তাকে উপেক্ষা করে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন। একইভাবে দেশনেত্রী খালেদা জিয়াও দুই দফায় তিন দশকেরও বেশি সময় রাজপথে আপসহীন সংগ্রাম করেছেন।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এমপি। সঞ্চালনা করেন সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। বিশেষ অতিথি ছিলেনÑ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, মুক্তিযোদ্ধা প্রতি মন্ত্রী ইশরাক হোসেন এমপি এবং বিএনপির স্বেচ্ছাসেবক-বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।