সংগৃহীত ছবি * আবেদন করেছে নয় লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী
* কেউ বিদেশ যেতে পারে, কিছু শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কা
* পছন্দের কলেজে মনোনয়ন তালিকা প্রকাশ হবে আজ
* সারা দেশে একযোগে ক্লাস শুরু হবে ২৩ সেপ্টেম্বর
চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে অনলাইন আবেদনের সময় শেষ হয়েছে ১৪ সেপ্টেম্বর রাত ৮টায়। এতে আবেদন করেছে নয় লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী। অথচ এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৪৩ হাজার ৪৬২ জন। হিসাব অনুযায়ী- এক লাখ ৪৮ হাজার ২২৮ জন শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেনি।
শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা বলছেন, যারা আবেদন করেনি, তারা সবাই ঝরে পড়েছে; বিষয়টি এমন নয়। কেউ পড়ালেখার জন্য বিদেশ যেতে পারে; কেউ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন কোর্সে ভর্তি হতে পারে। পাশাপাশি কিছু শিক্ষার্থী ঝরে পড়তেও পারে বলে আশঙ্কা রয়েছে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানায়, গত ২ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়। এ প্রক্রিয়া চলে ১৪ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। নির্ধারিত সময়ে নয় লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী আবেদন করে।
গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল। ওইদিন ঘোষিত ফলাফলে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী পাস করেছিল। তবে পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয় গত ১০ সেপ্টেম্বর। তাতে আরো ৪ হাজার ৫৮৫ জন ফেল থেকে পাস করে।
এতে চলতি বছর মোট এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করা শিক্ষার্থীর সংখ্যা দাড়ায় ১১ লাখ ৪৩ হাজার ৪৬২ জনে। আর একাদশে ভর্তির আবেদন করেছে নয় লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী। পাস করেও একাদশে ভর্তিতে আগ্রহ নেই এমন শিক্ষার্থীর সংখ্যা এক লাখ ৪৮ হাজার ২২৮ জন।
এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান মিডিয়াকে বলেন, ‘পাস করা সবাই একাদশে ভর্তি নাও হতে পারে। অনেকে বিদেশে পড়ালেখা করতে যেতে চায়। অনেকে আবার পলিটেকনিক ইন্সটিটিউটসহ বিভিন্ন জায়গায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়। পাশাপাশি নার্সিং সেক্টর রয়েছে, সেখানেও ভর্তি হয়।’
কিছু শিক্ষার্থী ঝরেও পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন বোর্ড চেয়ারম্যান। তিনি বলেন, ‘হ্যা, এসএসসি পাস করার পর কিছু শিক্ষার্থী ঝরে পড়ার ঘটনাও ঘটে। বিদেশে শ্রমিক হিসেবে অনেকে চলে যায়। তাছাড়া বাল্যবিয়ের ব্যাধি আমাদের সমাজে এখনো রয়েছে। ফলে মেয়েদের বাল্যবিয়ের ঘটনাও ঘটতে পারে। এর আগে অনেক রিপোর্টে এমন তথ্য উঠেও এসেছে। বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব।’
আবেদন করা শিক্ষার্থীরা সর্বনিম্ন পাচটি ও সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রম (চয়েজ) দিয়েছে। আবেদন করা শিক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষার ফল বিবেচনায় নিয়ে পছন্দের কলেজে মনোনয়ন তালিকা তৈরি করা হবে। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় এ ফল প্রকাশ করা হবে। পুরো এ প্রক্রিয়াটিতে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে বুয়েট।
ফলাফল প্রকাশ-ভর্তি-ক্লাস শুরু কবে
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তি আবেদন করে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হবে ১৭ সেপ্টেম্বর রাত ৮টায়। ফলাফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়নের জন্য ১৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চয়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হবে।
শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। অনলাইন আবেদন, ফলাফল প্রকাশ, শিক্ষার্থী নির্বাচন ও নিশ্চয়ন প্রক্রিয়ার পর একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে আগামী ২০-২২ সেপ্টেম্বর। এরপর ২৩ সেপ্টেম্বর সারা দেশে একযোগে ক্লাস শুরু হওয়ার কথা। তবে একই দিন ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি পড়লে পর দিন ২৪ সেপ্টেম্বর সারা দেশে একযোগে একাদশ শ্রেণির ক্লাস শুরু হতে পারে।