হারুনুুর রশিদের স্মরণ সভায় বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী -যাযাদি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যে দল মানুষের স্বার্থে, মানবতা ও অসহায় মানুষের পক্ষে রাজনীতি করে। তারেক রহমানের সরকার মানবতার পক্ষের সরকার। যে পতাকা তার মা-বাবা বহন করেছেন, সেই পতাকা আজ তিনি বহন করছেন। রবিবার দুপুরে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনুুর রশিদের পরিবারকে দেয়া বাড়ির উদ্বোধন ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আওয়ামী দুঃশাসনের কথা তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, ‘শেখ হাসিনা নিজের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য শিশু, প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও ইউনিভার্সিটির শিক্ষার্থীসহ কাউকে হত্যা করতে দ্বিধা করেনি। ১৭টি বছর ধরে গুম-খুন চালিয়েছে। সর্বশেষ জুলাইয়ে শেখ হাসিনার গড়ে তোলা পুলিশ-র?্যাব সবখানে রক্ত ঝরিয়েছে, রক্তের স্রোত বইয়ে দিয়েছে। তারই এমন হত্যার স্বীকার ফেনীর শহিদ হারুন।’
তিনি বলেন, ‘আমরা একটি দুঃসময় অতিক্রম করেছি। এমন এক অন্ধকার যুগ অতিক্রম করেছি, যেখানে যারা বিরোধী দল করত, তাদের বাচার অধিকার ছিল না। বিরোধী মতের স্বাভাবিক জীবনযাপন, বাড়িতে ঘুমের অধিকার ছিল না। কে কখন গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা ও গুপ্ত হত্যার স্বীকার হতেন, জানতেন না। এমন ভয়াবহ একটি হিংস্র রাজত্বের মধ্যে আমরা দিন যাপন করেছি। শেখ হাসিনার ১৭টি বছরে কারো লাশ নদীর ধারে, কারো লাশ খালে, আবার কারো লাশ নালায় পড়ে ছিল।’
পুলিশের গুলিতে নিহত ফেনীর হারুনকে স্মরণ করে বিএনপির এই নেতা বলেন, ‘হারুনের স্বপ্ন ছিল ভালোভাবে বেচে থাকবে। সে রাজনীতি করেছে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, একটি আদর্শ প্রতিষ্ঠার জন্য। হারুন ব্যাংকের টাকা পাচার করেনি, পদ্মা সেতু আর মেট্রো রেলের টাকা আত্মসাৎ করেনি। শুধু কথা বলার স্বাধীনতা, বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক মানবিক অধিকার প্রতিষ্ঠার জন্য নিজের জীবন উৎসর্গ করেছে।’
রিজভী বলেন, ‘তারেক রহমান প্রধান মন্ত্রী হওয়ার আগেও আমাদের যারা গুম-খুনের স্বীকার হয়েছিল, তাদের পরিবারের দায়িত্ব নিয়েছিল। এরই অংশ হিসেবে হারুনের পরিবারকেও বাড়ি নির্মাণ করে দেয়া হয়েছে। সবাই এমন করে অন্য শহিদদের পরিবারের পাশেও দাড়াবেন।’
ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- ফেনী-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন, ফেনী-১ আসনের এমপি রফিকুল আলম মজনু, নরসিংদী-৫ আসনের এমপি প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, সংরক্ষিত নারী আসনের এমপি রেহানা আক্তার রানু, আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন প্রমুখ।
পরে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে শহিদ হারুনের পরিবারের জন্য নির্মিত বাড়ির চাবি তুলে দেন অতিথিরা। চলতি বছরের ১২ এপৃল বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। পরে হারুনের কবর জিয়ারত ও তার নবনির্মিত ঘর পরিদর্শন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনীর শহিদ শহীদুল্লাহ কায়সার সড়কে হরতালের সমর্থনে একটি মিছিল চলাকালে পুলিশের গুলিতে হারুনুর রশিদ নিহত হন।