প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৪ পিএম

দিনাজপুরের কাহারোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম।
সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় কাহারোল উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় কাহারোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী সঞ্চালনা করেন। এ সময় উপজেলা বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়।
সভা শেষে নেতৃবৃন্দ দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।