প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৫.০৯.২০২৬ ৪:৪৫ পিএম (প্রিন্ট সংস্করণ)
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পরেশন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী কারা হচ্ছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে কারা প্রার্থী হতে যাচ্ছেন, তার ইঙ্গিত দিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সোমবার বিকালে রাজধানীর কাকরাইলে ইন্সটিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার এ বিষয়ে কথা বলেন। এর আগে ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত সিরাতুন্নবী (সা.) কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন পরওয়ার।
কনফারেন্সে বক্তব্য শেষে মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, জামায়াত স্থানীয় সরকার নির্বাচনের জন্য সাংগঠনিকভাবে প্রস্তুতি নিয়েছে। এরই মধ্যে ইউনিয়ন, উপজেলা, জেলা, সিটি কর্পরেশনে প্রার্থী মনোনয়নের প্রক্রিয়া চূড়ান্ত করার পর্যায়ে চলে এসেছে। অনেক জায়গায় অভ্যন্তরীণভাবে প্রার্থী ঘোষণা দেয়া হয়েছে।
ঢাকার দুই সিটি কর্পরেশন নির্বাচনেও জামায়াত অংশগ্রহণ করবে জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, সাংগঠনিকভাবে জামায়াতের প্রার্থী মনোনীত করা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। সময় মতো প্রার্থী ঘোষণা করা হবে। এরই মধ্যে মিডিয়ায় এসেছে জামায়াতের পক্ষ থেকে ঢাকা উত্তরে সেলিম উদ্দিন এবং দক্ষিণে সাদিক কায়েমকে মনোনয়ন দেয়া হচ্ছে।
ঢাকার দুই সিটি কর্পরেশন নির্বাচনের তারিখ এখনো ঘোষণা করেনি ইলেকশন কমিশন। তবে এই দুই সিটির নির্বাচন সামনে রেখে প্রার্থী নির্ধারণের কাজ এরই মধ্যে শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলো। রবিবার এক সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণে মেয়র পদে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং ঢাকা উত্তরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে মনোনীত করার কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।