প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১১ পিএম
ছবি-যাযাদিআগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি থেকে জনপ্রিয় ও গ্রহণযোগ্য ব্যক্তিকে একক প্রার্থী হিসেবে দলীয় সমর্থন দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূইয়া।
মঙ্গলবার সন্ধ্যায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রায়পুর ইউনিয়নে যুবদলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খায়ের ভূইয়া এমপি বলেন, “আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি থেকে জনপ্রিয় ব্যক্তিকে দলীয় সমর্থন দেওয়া হবে। দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। যারা দলের প্রার্থীর বিরুদ্ধে কাজ করবেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে বহিষ্কার করা হবে।”
তিনি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থার মাধ্যমে জনগণের দোরগোড়ায় সরকারি সেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পৌঁছে দেওয়া সম্ভব। তাই স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির নেতাকর্মীদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সম্মেলনে রায়পুর উপজেলা যুবদলের আহ্বায়ক আরমান হোসেন, যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন ও সদস্য সচিব ফয়সাল আহমেদ বক্তব্য দেন। এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।