প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৪ পিএম
ছবি-যাযাদি নওগাঁর সৌন্দর্য, ইতিহাস-ঐতিহ্য, মানুষ ও জীবনযাত্রাকে আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরতে জেলা প্রশাসনের উদ্যোগে ‘ফটোগ্রাফি প্রতিযোগিতা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী।
প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ১৫০ জন আলোকচিত্রী অংশ নেন। এতে জমা পড়ে ৯০০টির বেশি আলোকচিত্র। প্রকৃতি ও পরিবেশ, মানুষ ও জীবনযাত্রা, ইতিহাস-ঐতিহ্য, গ্রামীণ জীবন ও লোকজ সংস্কৃতি, দর্শনীয় স্থান, নদী-বিল ও জলাভূমিসহ বিভিন্ন বিভাগে ছবি জমা নেওয়া হয়।
প্রাথমিক যাচাই-বাছাই শেষে বিচারকমণ্ডলীর মাধ্যমে সৃজনশীলতা, নান্দনিকতা, কারিগরি দক্ষতা, মৌলিকত্ব ও বিষয়বস্তুর প্রাসঙ্গিকতার ভিত্তিতে আলোকচিত্রগুলো মূল্যায়ন করা হয়।
পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় মোট ১৩ জন বিজয়ীকে সম্মাননা সনদ, ক্রেস্ট ও প্রাইজমানি প্রদান করা হয়।
আয়োজকরা জানান, এ প্রতিযোগিতার মাধ্যমে নওগাঁর প্রকৃতি, ইতিহাস-ঐতিহ্য ও জীবনযাত্রার বৈচিত্র্য দেশবাসীর সামনে তুলে ধরার পাশাপাশি ভবিষ্যতে জেলার পর্যটন প্রচার ও ব্র্যান্ডিংয়ে এসব আলোকচিত্র ব্যবহার করা যাবে।