ছবি-যাযাদি “কবির কলম ও সাহিত্যিকের চিন্তা সমাজকে নতুনভাবে ভাবতে শেখায়। মানুষের মধ্যে মানবিকতা, সহমর্মিতা ও দেশপ্রেম জাগিয়ে তুলতে সাহিত্যের ভূমিকা অপরিসীম। তাই সাহিত্যচর্চাকে শুধু ব্যক্তিগত সৃজনশীলতা হিসেবে দেখলে হবে না; এটি একটি আলোকিত ও মননশীল সমাজ বিনির্মাণের অন্যতম শক্তি।”
শুক্রবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে কবি-সাহিত্যিকদের মিলনমেলা ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদায়) জহির উদ্দিন স্বপন এসব কথা বলেন।
চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজ ও বাংলা ভাষা-বাঙালি সংস্কৃতি সমাজ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান প্রজন্ম প্রযুক্তিনির্ভর জীবনে অভ্যস্ত হয়ে পড়ছে। এ সময়ে বই পড়ার অভ্যাস ও সাহিত্যচর্চাকে আরও বিস্তৃত করতে হবে। তরুণদের হাতে প্রযুক্তির পাশাপাশি বই তুলে দিতে হবে। জ্ঞান ও সৃজনশীলতার সমন্বয়েই আগামী দিনের মানবিক সমাজ গড়ে উঠবে।
বাংলা ভাষা ও সাহিত্যের গৌরবময় ঐতিহ্যের কথা তুলে ধরে তিনি বলেন, ভাষা, সংস্কৃতি ও জাতীয় চেতনার বিকাশে কবি-সাহিত্যিকদের অবদান অনস্বীকার্য। তাঁদের লেখনী মানুষকে শেকড়ের সঙ্গে যুক্ত করে এবং ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে সহায়তা করে।
সাহিত্যিকদের সম্মাননা দেওয়ার গুরুত্ব তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, যারা দীর্ঘদিন ধরে সাহিত্যচর্চার মাধ্যমে সমাজ ও সংস্কৃতিতে অবদান রেখে চলেছেন, তাঁদের সম্মানিত করা নৈতিক দায়িত্ব। এ ধরনের স্বীকৃতি সৃষ্টিশীল মানুষকে যেমন অনুপ্রাণিত করে, তেমনি নতুন প্রজন্মের লেখকদেরও সাহিত্যচর্চায় এগিয়ে আসতে উৎসাহিত করে।
চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সভাপতি ও বাংলা ভাষা-বাঙালি সংস্কৃতি সমাজের উপদেষ্টা সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম, সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী থানার অফিসার ইনচার্জ তারিক হাসান রাসেল, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মো. মিজানুর রহমান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সাবেক আহ্বায়ক আলহাজ মো. আবুল হোসেন মিয়া, সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বদিউজ্জামান মিন্টু, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন, সদস্যসচিব শরীফ সফিকুর রহমান স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সিনিয়র সাংবাদিক মো. মোস্তফা হাওলাদার, জামায়াতের পৌর আমির মো. হাফিজুর রহমান, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল হক এবং মহিলা দলের নেত্রী তাসলিমা পারভীন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত অসংখ্য কবি ও সাহিত্যিক নিয়মিত সাহিত্যচর্চা করে যাচ্ছেন। তাঁদের সৃষ্টিকর্ম সংরক্ষণ, প্রকাশ ও পাঠকের কাছে পৌঁছে দিতে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন। নিয়মিত সাহিত্য সম্মেলন, কবিতা পাঠ, সাহিত্য আড্ডা, পাঠচক্র ও লেখক সম্মাননার আয়োজন সাহিত্যাঙ্গনকে আরও সমৃদ্ধ করতে পারে।
অনুষ্ঠানে সাহিত্য ও সংস্কৃতির বিকাশে বিশেষ অবদানের জন্য দেশের বিভিন্ন এলাকার কবি, সাহিত্যিক ও লেখকদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। প্রধান অতিথি জহির উদ্দিন স্বপন সম্মাননাপ্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন।
সম্মাননা পাওয়া কবি-সাহিত্যিকরা বলেন, এ স্বীকৃতি তাঁদের ভবিষ্যৎ সাহিত্যচর্চায় নতুন প্রেরণা জোগাবে। বাংলা ভাষা ও সাহিত্যের সমৃদ্ধির জন্য তাঁরা আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।