প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৩ পিএম
ছবি-যাযাদি কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ও প্লাস্টিক বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) পরিদর্শনকালে প্রতিমন্ত্রী কুতুপালং মেগা রোহিঙ্গা ক্যাম্প টু ডব্লিউ তে স্থাপিত সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।এছাড়াও ৪ নম্বর বর্ধিত রোহিঙ্গা ক্যাম্পে প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়াজাতকরণ ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সম্ভাব্যতা সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন। এ সময় রোহিঙ্গা ক্যাম্পে বিপুল পরিমাণ বর্জ্য উৎপাদনের কারণে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর যাতে নেতিবাচক প্রভাব না পড়ে, সে বিষয়ে টেকসই বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন প্রকল্প সংশ্লিষ্টরা।
পরিদর্শনকালে লুৎফুর রহমান কাজল এমপি, জসিম উদ্দিন এমপি, জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, উক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার,উখিয়া জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জিএম মুক্তাদির, সহ প্রকল্প সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বর্জ্যকে শুধু সমস্যা হিসেবে না দেখে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সম্পদে পরিণত করার উদ্যোগ নিতে হবে। রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্য ব্যবস্থাপনায়ও পরিবেশবান্ধব ও টেকসই প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হবে। এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন হলে একদিকে ক্যাম্প এলাকার বর্জ্য ব্যবস্থাপনার চাপ কমবে, অন্যদিকে প্লাস্টিকসহ বিভিন্ন বর্জ্য থেকে জ্বালানি বা বিদ্যুৎ উৎপাদনের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।
স্থানীয় সরকার বিভাগের তথ্য অনুযায়ী, প্রতিমন্ত্রী মীর শাহে আলম বর্তমানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। সাম্প্রতিক সময়ে তিনি বর্জ্যকে সম্পদে রূপান্তর এবং আধুনিক ও টেকসই প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন।
পরিদর্শন কালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পে বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।