প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০১ পিএম
ছবি-যাযাদি ঢাকার সাভারে সরকারি কোষাগারে জমা না দিয়ে হোল্ডিং ট্যাক্সের ১ লক্ষ ৭৫ হাজার টাকা পকেটে ভরার অভিযোগ উঠেছে এক ইউপি সচিবের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে।
জানা গেছে, গত ২৫ জানুয়ারি তেঁতুলঝোড়া ইউনিয়নের লাজপল্লী কনভেনশন সেন্টারের ম্যানেজার ওমর হাসান ২০২৫-২৬ অর্থবছরের ট্রেড লাইসেন্স ও হোল্ডিং ট্যাক্স বাবদ ১ লাখ ৯৮ হাজার ৪৫০ টাকা জমা দেন তৎকালীন সচিব আমির হোসেনের কাছে। সচিব ট্রেড লাইসেন্স দিলেও হোল্ডিং ট্যাক্সের টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেন।
বর্তমানে ইউপি সচিব আমির হোসেন ধামরাই উপজেলার ডাঙ্গুটিয়া ইউনিয়নে কর্মরত রয়েছেন।
গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) লাজপল্লী কনভেনশন সেন্টারের অ্যাকাউন্ট অফিসার মেহেদী হাসান ২০২৬-২৭ অর্থবছরের ট্যাক্স জমা দিতে গেলে জানতে পারেন আগের বছরের টাকা এখনো বকেয়া দেখাচ্ছে।
এ বিষয়ে অভিযুক্ত সচিব আমির হোসেন যায়যায়দিনকে বলেন, "তারা টাকা দিয়েছিল, আমার মনে ছিল না জমা দিতে।"
৮ মাস পর ঘটনাটি প্রকাশ্যে আশায় তড়িঘড়ি করে বৃহস্পতিবারই ওই টাকা সরকারি ফান্ডে জমা দেন তিনি।