প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ছবি-যাযাদি কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে নৌকা থেকে ছিটকে পড়ে উজির মণ্ডল (৫৮) নামের এক কৃষক ২দিন ধরে নিখোঁজ রয়েছে। শনিবার রাত ৮টা পর্ষন্ত উজির মণ্ডল কে উদ্ধার করতে পারেনি। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বারমাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ উজির মণ্ডল ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের পূর্ব নওদাপাড়া (মণ্ডলপাড়া) গ্রামের মৃত খেদের আলী মণ্ডলের ছেলে।
নৌকায় থাকা ব্যক্তিদের ভাষ্য ও আসাদুল মালিথা বলেন, প্রতিদিনের মতো তিনি পদ্মা নদী পার হয়ে ঈশ্বরদীর দাদাপুর চরে চাষাবাদের জন্য যাচ্ছিলেন। মাঝনদীতে হঠাৎ বড় একটি ঢেউ নৌকায় আঘাত করলে সেটি ঘুরে যায়। এ সময় নৌকার হাল ধরে থাকা উজির মণ্ডল ছিটকে নদীতে পড়ে যান। কিছুক্ষণ পর নৌকায় থাকা অন্যরা প্রায় ৫০ হাত দূরে তাকে পানিতে দেখতে পান। তিনি তাঁদের দিকে হাত দিয়ে ইশারাও করছিলেন। কিন্তু নদীতে তীব্র স্রোত থাকায় নৌকা ঘুরিয়ে তাঁর কাছে যাওয়া সম্ভব হয়নি। নৌকায় উজির মণ্ডলের সঙ্গে ৩জন সঙ্গী ছিলেন। তাঁরা হলেন, হযরতুল্লাহ, আসাদুল মালিথা ও আতিয়ার বিশ্বাস।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, খুলনা থেকে ডুবুরি দল আনার পর ২দিনেও উজির মণ্ডল কে উদ্ধার করতে পারেনি। উদ্ধার অভিযান রোববার সকাল থেকে আবার শুরু হবে ।
আব্দুর রাজ্জাক রাজা বলেন, আমার ছোট ভাই উজির মণ্ডলসহ কয়েকজন কৃষক দাদাপুর চরে মাসকলাই চাষের জন্য যাচ্ছিলেন । নৌকা থেকে পড়ে যাওয়ার পর ২দিনেও উদ্ধার করতে পারেনি।
লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের সঙ্গে নৌ-পুলিশ সদস্যরাও উদ্ধারকাজে অংশ নিয়েছেন। নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
ভেড়ামারা থানার ওসি জাহেদুর রহমান জানান, পদ্মা নদীতে একজন নিখোঁজ হয়েছেন। বিষয়টি লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ি বিষয়টি দেখভাল করছে। আমরাও নজর রাখছি।