প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১০ পিএম

নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার ও ভিডিপি) উদ্যোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান’ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে এ পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করা হয়।
বাহিনীর মূল স্লোগান “শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা” এই আদর্শকে ধারণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ডেঙ্গুসহ নানা রোগব্যাধি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সামাজিক কার্যক্রম চালানো হয়েছে।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, আনসার ও ভিডিপি কার্যালয়ের চারপাশ এবং জনসাধারণের চলাচলকারী আবর্জনাকীর্ণ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।
অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফিরোজ আলী, উপজেলার বিভিন্ন স্তরের আনসার কমান্ডর, ভিডিপি সদস্য, দলনেতা, দলনেত্রী এবং স্থানীয় স্বেচ্ছাসেবীগণসহ সকল অংশগ্রহণকারী স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন এবং ব্যানার হাতে এলাকার সৌন্দর্য রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করেন।
কর্মসূচি সম্পর্কে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন বলেন, শুধু আইন-শৃঙ্খলা রক্ষা বা পেশাগত দায়িত্ব পালনই নয়, বরং সামাজিক ও পরিবেশগত মান উন্নয়নেও আনসার বাহিনী সবসময় প্রস্তুত। এই পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে উপজেলার সাধারণ মানুষকে নিজস্ব আঙ্গিনা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে উদ্বুদ্ধ করা হচ্ছে।
ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক সামাজিক কাজ অব্যাহত থাকবে। আনসার ও ভিডিপি বাহিনীর এই চমৎকার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় এমন সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত আয়োজনেরও আহ্বান জানান তাঁরা।