প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৭ পিএম
সুমাইয়া ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হাজরাহাটি এলাকায় পানিতে ডুবে সুমাইয়া (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তবে শিশুটি পানিতে পড়ে যাওয়ার পরও বিষয়টি কাউকে না জানানো এবং ঘটনার পর সঙ্গে থাকা প্রতিবেশী চাচাকে খুঁজে না পাওয়ায় মৃত্যুর ঘটনাটি ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া ওই এলাকার বাসিন্দা শামীম মোল্যার মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে প্রতিবেশী ফাইজুর খরাদির সঙ্গে তার মেয়ে নুরুননাহার ও সুমাইয়া ডোঙ্গায় করে বাড়ির সামনের চকের পানিতে গোসল করতে যায়।
স্থানীয়দের দাবি, একপর্যায়ে সুমাইয়াকে পানিতে পাওয়া যাচ্ছিল না। তবে সুমাইয়া পানিতে পড়ে যাওয়ার বিষয়টি ফাইজুর তার পরিবারের সদস্য বা স্থানীয় কাউকে জানাননি বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে তিনি নিজের মেয়ে নুরুননাহারকে নিয়ে সেখান থেকে চলে যান।
এর প্রায় ৩০ মিনিট পর চকের পানিতে সুমাইয়ার মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন। স্বজনরা দ্রুত সুমাইয়াকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, ঘটনার পর ফাইজুরকে খুঁজতে গেলে তাকে এলাকায় পাওয়া যায়নি বলে স্থানীয়দের দাবি। শিশুটি পানিতে পড়ে যাওয়ার পর কেন তার পরিবারের সদস্য বা স্থানীয়দের জানানো হয়নি এবং পরে ফাইজুর কোথায় চলে যান, এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয়রা বলছেন, সুমাইয়া কীভাবে পানিতে পড়ে গেল, ঘটনার সময় ডোঙ্গায় কারা ছিলেন, তাকে উদ্ধারের চেষ্টা করা হয়েছিল কি না এবং ঘটনার পর ফাইজুর কেন বিষয়টি কাউকে জানাননি, এসব প্রশ্নের উত্তর তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়া প্রয়োজন।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত ফাইজুরের বিরুদ্ধে কোনো অভিযোগ বা তার সম্পৃক্ততার বিষয় নিশ্চিত হয়নি। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।