ছবি-যাযাদি আশুলিয়ায় অবস্থিত ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) ফটকের সামনের নবীনগর-চন্দ্রা মহাসড়কের ফুটপাত দখলমুক্ত করতে গিয়ে হকারদের বাঁধার সম্মুখীন হয়েছেন ডিইপিজেডের আনসার সদস্যরা। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। একপর্যায়ে হকারেরা সড়ক অবরোধ করলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ডিইপিজেডের সামনের মহাসড়কে এ ঘটনা ঘটে।
ডিইপিজেড কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দেশের অন্যতম শীর্ষ এই শিল্পাঞ্চলে দেশি-বিদেশি বিনিয়োগকারী, বায়ার (ক্রেতা) ও প্রায় ১ লাখ শ্রমিক প্রতিদিন যাতায়াত করেন। মহাসড়কের ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে অবৈধ দোকানপাট বসায় শ্রমিকসহ সর্বসাধারণকে দুর্ভোগ ও দুর্ঘটনার শিকার হতে হচ্ছিল।
দেশ-বিদেশের বিনিয়োগকারী ও বায়ারদের অভিযোগের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় গত ১২ সেপ্টেম্বর সড়ক ও জনপথ (সাওজ) অধিদপ্তর সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করে। পরবর্তীতে সেখানে ভাসমান দোকান না বসানোর জন্য নোটিশ ঝুলিয়ে ব্যানার টাঙিয়ে দেওয়া হয়।
তা সত্ত্বেও বেশ কিছু হকার নিষেধাজ্ঞা অমান্য করে পুনরায় অবৈধভাবে ব্যবসা চালিয়ে আসছিলেন। রোববার সকাল ৯টার দিকে ফুটপাত চিরতরে দখলমুক্ত রাখা ও সংস্কার কাজের জন্য সীমানা নির্ধারণ করতে যায় ডিইপিজেড কর্তৃপক্ষ। এ সময় হকারেরা জড়ো হয়ে ডিইপিজেডের আনসার সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। কথাকাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
এর প্রতিবাদে বেলা ১১টার দিকে ডিইপিজেডের সামনের মহাসড়ক অবরোধ করেন হকাররা। এতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে দুপুর ১২টার দিকে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হকারদের সড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
সংঘর্ষের বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক হকার বলেন, "আমাদের না জানিয়ে আনসার সদস্যরা সব তুলে দিচ্ছিল। প্রতিবাদে নামলে আমাদের লোকদের ওপর হামলা চালানো হয়, এতে কয়েকজন আহত হয়েছেন।" শরীফ নামে অন্য এক হকার আক্ষেপ করে বলেন, "আমরা তো ফুটপাতে ব্যবসা করে সংসার চালাই। এভাবে হুট করে দোকান করতে না দিলে আমরা কী খাব? তাই আমরা বাধ্য হয়ে সড়কে নেমেছিলাম।"
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার বলেন, "প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী ১ লাখ শ্রমিকের নিরাপদ যাতায়াত এবং বিদেশি বায়ারদের সুবিধার্থে মহাসড়কের এ অংশটি দখলমুক্ত করা জরুরি ছিল। আজ সকালে ফুটপাতের জায়গাটি চিহ্নিত করে সংস্কারের কাজ শুরু করতে গেলে হকারেরা আমাদের কাজে বাঁধা দেন এবং সড়ক অবরোধ করেন। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।"
পরিস্থিতির বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ফুটপাত দখলমুক্ত করাকে কেন্দ্র করে ক্ষুব্ধ হকাররা সড়ক অবরোধের চেষ্টা করেছিল। বেলা ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রয়েছে।