প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৭ পিএম
ছবি-যাযাদি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ফকিরপাড়া এলাকায় ইজিবাইক চলাচলে বাধা ও গাড়ি আটকে দেওয়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইজিবাইক চালকরা।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দামুড়হুদা মিনি স্টেডিয়াম মাঠে শত শত ইজিবাইক রেখে চালকরা একত্রিত হন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়কের দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন তারা। এ সময় মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং সড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে চরম জনদুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও বিভিন্ন যানবাহনের চালকরা।
ইজিবাইক চালকদের অভিযোগ, চুয়াডাঙ্গা বাস মালিক সমিতির উদ্যোগে পুলিশি সহায়তায় দামুড়হুদার ফকিরপাড়া এলাকায় চুয়াডাঙ্গাগামী ইজিবাইক আটকে দেওয়া হচ্ছে। এমনকি অনেক সময় ইজিবাইক থানায় নিয়ে রাখা হয় এবং পরবর্তীতে ২ হাজার ৬৫০ থেকে ২ হাজার ৮০০ টাকা জরিমানা দিয়ে গাড়ি ছাড়িয়ে নিতে হয়। এছাড়া আন্দোলনকারীরা চালকদের মারধরেরও অভিযোগ করেন।
বিক্ষোভকারীদের প্রধান দাবিগুলো হলো:
ফকিরপাড়া এলাকায় ইজিবাইক আটকে দেওয়ার জন্য স্থাপিত ব্যারিকেড দ্রুত তুলে নিতে হবে।
ইজিবাইকগুলোর নির্বিঘ্নে চলাচলের সুযোগ দিতে হবে।
চুয়াডাঙ্গা পৌরসভার ইজিবাইক পৌর এলাকার বাইরে চলাচল বন্ধ এবং মহাসড়কে চলাচলকারী লেগুনা চলাচল বন্ধ করতে হবে।
খবর পেয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু এবং থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
পরবর্তীতে প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের আশ্বাসে আন্দোলনকারী ইজিবাইক চালক ও শ্রমিকরা ৪ ঘণ্টা পর অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।