প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৯:১৭ পিএম
ছবি: সংগৃহীতপ্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিল কর্মসূচিতে অনিয়ম ও দুর্নীতি কমাতে কুপন পদ্ধতি চালুর চিন্তা করছে সরকার। এ পদ্ধতিতে প্রতিটি শিক্ষার্থীকে ৩৮ টাকা ৫০ পয়সার কুপন দেওয়া হবে। ওই কুপনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে তালিকাভুক্ত খাদ্য ব্যবসায়ীর কাছ থেকে শিক্ষার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী খাবার কিনতে পারবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্থানীয় উদ্যোক্তাদের সম্পৃক্ত করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এ জন্য সক্ষমতা অনুযায়ী স্থানীয় ব্যবসায়ীদের তালিকাভুক্ত করা হবে। কোনো শিক্ষার্থী তালিকাভুক্ত দোকান বা ব্যবসায়ীর কাছে পছন্দ অনুযায়ী খাবার না পেলে সেখান থেকে খাবার কিনবে না। সে ক্ষেত্রে কুপনের অর্থ শিক্ষার্থীর কাছেই থাকবে।
মন্ত্রী জানান, কুপন পদ্ধতির পরিকল্পনাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ বিষয়ে আরও আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যের পাঠ্যবই নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, পাঁচ স্তরে বইয়ের মান যাচাই করা হচ্ছে। কাগজের মান খারাপ হলে সংশ্লিষ্ট বই বাতিল করা হচ্ছে। এখন পর্যন্ত ৩০ লাখ বই কেটে বিনষ্ট করা হয়েছে।
তিনি বলেন, এরপরও অনেকেই নিম্নমানের বই সরবরাহের চেষ্টা করছেন। তবে শেষ পর্যন্ত কোনো বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর পরও মান খারাপ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রিন্টার্সের বিরুদ্ধে ব্যবস্থা নেবে মন্ত্রণালয়।