প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১০:৩৮ এএম আপডেট: ০৮.১০.২০২৬ ১১:৫৩ এএম
সংগৃহীত ছবি হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত তিনজন বেসামরিক ব্যক্তি নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন। সিভিল এভিয়েশন অথরিটির (গাকা) এই তথ্য নিশ্চিত করে।
মঙ্গলবার (৬ অক্টোবর) ও বুধবার (৭ অক্টোবর) দেশটির রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক দুটি হামলা চালানো হয়।
সৌদি সিভিল এভিয়েশন অথরিটি (গাকা) জানিয়েছে, আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো হামলায় মরক্কো ও আলজেরিয়ার দুই নারী নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৮ জন। অন্যদিকে, রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় এক সুদানির নাগরিক প্রাণ হারিয়েছেন এবং পাঁচজন সৌদি নাগরিকসহ আটজন আহত হয়েছেন।
গাকা এক বিবৃতিতে জানিয়েছে, যাত্রী ও বিমানবন্দর কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সার্বিক ক্ষয়ক্ষতি নিরূপণে সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে পূর্ণ সমন্বয় রেখে কাজ করা হচ্ছে।
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, জোট বাহিনী রিয়াদের উত্তরাঞ্চলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। একই সঙ্গে ইয়েমেনের রাজধানী সানায় হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মটি ধ্বংস করে দেওয়া হয়েছে।