প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৪:৫৬ পিএম
ছবি-যাযাদি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পায়ুপথে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা তিনটি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১ হাজার ২৯০ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা কাস্টমস হাউস সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শারজাহ থেকে ঢাকায় আসা এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট G9-518-এর যাত্রীদের ওপর বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি করছিল প্রিভেন্টিভ টিম।
নজরদারির একপর্যায়ে আরমান উদ্দিন সিদ্দিকী নামে এক যাত্রী ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় গেলে তাকে সন্দেহজনক হিসেবে তল্লাশি করা হয়। এ সময় তার পায়ুপথে বিশেষভাবে লুকানো অবস্থায় সাদা কসটেপে মোড়ানো তিনটি ডিম্বাকৃতির পেস্ট সদৃশ স্বর্ণ উদ্ধার করা হয়।
কাস্টমসের তথ্য অনুযায়ী, উদ্ধার করা প্রতিটি পেস্টের ওজন প্রায় ৪৩০ গ্রাম করে। তিনটির মোট ওজন ১ হাজার ২৯০ গ্রাম এবং বিশুদ্ধতা ২৪ ক্যারেট। স্বর্ণকারের প্রত্যয়ন অনুযায়ী, ডিম্বাকৃতির পেস্টগুলো পরিশোধন করা হলে আনুমানিক ১ কেজি খাঁটি স্বর্ণ পাওয়া যেতে পারে।
উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা বলে জানিয়েছে কাস্টমস।
এ ঘটনায় সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে কাস্টমস হাউস, ঢাকার প্রিভেন্টিভ টিমের পক্ষ থেকে ফৌজদারি মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।