প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ২:৫২ পিএম
ছবি-যাযাদি যাদের দায়িত্ব নেওয়ার সক্ষমতা রয়েছে এবং যারা আগামী দিনে আরও সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারবেন, তাদেরকেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
আজ শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে আশুলিয়ার নয়ারহাট এলাকায় অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এ দেশের বৃহত্তম 'টেক্সটাইল ফেস্ট বাংলাদেশ'-এর দ্বিতীয় দিনের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় পলিসিগত কিছু নীতি অনুসরণ করা হয়েছে। শুরু থেকেই এই সিদ্ধান্তের পেছনে মূল নীতি বা মূল উদ্দেশ্য ছিল স্পষ্ট—যোগ্য ও দক্ষ ব্যক্তিদেরই যেন সুযোগ দেওয়া হয়। সেই অনুযায়ী গতানুগতিক নিয়মকানুন ও পুলিশ ক্লিয়ারেন্স সম্পন্ন করেই নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হয়েছে।
নিয়োগ প্রক্রিয়ায় কোনো ত্রুটি বা দুর্বলতা আছে কিনা এ বিষয়ে এক প্রশ্নে ববি হাজ্জাজ বলেন, গণঅভ্যুত্থানের পর দেশের কিছু জায়গায় কিছুটা দুর্বলতা বা প্রশাসনিক ব্যাঘাত তৈরি হওয়া অস্বাভাবিক নয়। যদি কোনো ভুলত্রুটি থেকে থাকে, তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিজ দায়িত্বে তা চিহ্নিত করে পূরণ ও সংশোধন করছে। পুরো বিষয়টি ইতিবাচক ও সঠিকভাবে সম্পন্ন হবে বলে সরকার অত্যন্ত আশাবাদী।
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারের পরিকল্পনা তুলে ধরে তিনি আরও বলেন, বর্তমানে শিক্ষার সামগ্রিক মান বাড়াতে সব সেক্টর নিয়ে একসঙ্গে কাজ চলছে। অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষকদের অবস্থান, মনিটরিং ব্যবস্থা, কারিকুলাম ডেভেলপমেন্ট এবং প্রযুক্তিগত আধুনিকীকরণ নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে স্পষ্ট নির্দেশনা ও দায়িত্ব দেওয়া হয়েছে। পুরো ব্যবস্থাটি নতুন পরিকল্পনা নিয়ে বাস্তবায়নের কাজ চলছে।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ স্থানীয় অন্যান্য গণ্যমান্য ব্যক্তি ও নিটারের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।