ছবি-যাযাদি বগুড়ার সারিয়াকান্দি শারদীয় দুর্গোৎসব -২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসব মুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং, অগ্নিনিরাপত্তা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও জরুরি স্বাস্থ্য সেবাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ শুক্রবার ( ৯ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় সারিয়াকান্দি উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-১ (সারিয়াকান্দি -সোনাতলা) আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) এস.এম.মিকাইল ইসলাম। সভায় প্রতিটি পূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে প্রয়োজনীয় স্থানে সিসি ক্যামেরা স্থাপন ও অন্ধকার ও ঝুঁকিপূর্ণ এলাকায় হ্যালোজেন লাইট স্থাপনের সিদ্ধান্ত হয়।
স্থানীয় পর্যায়ে গ্রাম পুলিশকে সম্পৃক্ত করে প্রয়োজনীয় কমিটি গঠন এবং সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা করা হয়। এ ছাড়া পূজা চলাকালে জরুরি যোগাযোগ ও পরিস্থিতি মোকাবেলায় কন্ট্রোল রুম স্থাপন এবং হটলাইন চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়াও অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবেলায় ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে প্রতিটি পূজা মণ্ডপে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি প্রয়োজনীয় মেডিকেল টিম গঠন ও জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।
সভায় বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি পূজা চলাকালে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের সিদ্ধান্ত হয়। শব্দ দূষণ নিয়ন্ত্রণে নির্ধারিত সীমার মধ্যে শব্দের মাত্রা রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আজান ও নামাজের সময়সূচির প্রতি সম্মান রেখে পূজার সময়সূচি সমন্বয়ের বিষয়েও আলোচনা হয়। এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সমন্বয়ের আশ্বাস দেওয়া হয়। এ ছাড়া পূজা মণ্ডপ ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন, নিয়মিত বর্জ্য অপসারণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত হয়। প্রতিটি পূজা মণ্ডপে রেজিস্ট্রেশন বই সংরক্ষণ ও প্রয়োজনীয় তথ্য হালনাগাদ রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তব্য রাখেন, সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো.সুজন মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. মাহতাবুর রহমান, পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাজাত হোসেন পল্টন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হিরা, উপজেলা যুবদলের আহবায়ক মহিদুল ইসলাম মুন্সি, বাংলাদেশ জামাতে ইসলামী উপজেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মাওলানা মোঃ তোফাজ্জল হোসেন, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সভাপতি অরুনাংশু কুমার সাহা, সাধারণ সম্পাদক বিকাশ কুমার সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি প্রভাত কুমার সাহা,
সাধারণ সম্পাদক নিরান্জন সরকার ও বাংলাদেশ পূজা উদযাপন ফন্টের উপজেলা শাখার সভাপতি উত্তম সাহা। উপজেলার ২৮টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন৷
সভায় বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে দুর্গোৎসব উদযাপনে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন পরিষদ, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সবার সহযোগিতায় সারিয়াকান্দিতে শান্তিপূর্ণ ও উৎসব মুখর দুর্গোৎসব আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তারা।