প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৪:১৭ পিএম

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বেনাপোলগামী একটি বিলাসবহুল এসি বাসে অভিযান চালিয়ে ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ এক যাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটের দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বগাইল টোল প্লাজার ১১ নম্বর লেনের পশ্চিম পাশে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তি হামদান এক্সপ্রেস লিমিটেডের ঢাকা-বেনাপোলগামী একটি এসি বাসের জে-১ নম্বর আসনের যাত্রী ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা থানার এসআই মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল বাসটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় যাত্রীর দেহ তল্লাশি করে তাঁর পরিহিত প্যান্টের দুই পকেট থেকে তিনটি পুঁটলিতে মোড়ানো ১ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধার করা ইয়াবার মধ্যে ১৯ পিস সবুজ রঙের এবং ১ হাজার ৭৮১ পিস হালকা কমলা রঙের। এসব ইয়াবার মোট ওজন ১৮০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এ সময় ওই যাত্রীর কাছ থেকে বাসের একটি টিকিটও জব্দ করা হয়।
পরে উদ্ধার করা ইয়াবা ও বাসের টিকিট বিধি অনুযায়ী জব্দ করে গ্রেপ্তার ব্যক্তিকে ভাঙ্গা থানায় নেওয়া হয়।
ভাঙ্গা থানা পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।