প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১২:০৯ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার সচেতনতা বৃদ্ধি সম্পর্কিত সংগঠন ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্ৰাম (ক্যাপ) এর গোলাপী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইদ্রিস আলী, প্রক্টর অধ্যাপক ড. মোঃ শাহীনুজ্জামান প্রমুখ।
র্যালির উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড এ কে এম মতিনুর রহমান বলেন, ক্যান্সার প্রতিরোধ এবং ক্যান্সার সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এটি নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ। এর মাধ্যমে যে সচেতনতা সৃষ্টি হবে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, তা ক্যান্সারের মতো একটি ভয়াবহ রোগ থেকে আমাদেরকে প্রতিরোধ করতে সাহায্য করবে।
তিনি আরও বলেন, সচেতনতামূলক কার্যক্রমটি শুধু এই অনুষ্ঠানের আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না থেকে স্কুল-কলেজ থেকে শুরু করে আমাদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত ব্যাপকভাবে প্রচার ও প্রসারের উদ্যোগ নেওয়া প্রয়োজন। বর্তমান পরিপ্রেক্ষিতে নারী শিক্ষার ক্ষেত্রেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই আমি এই কমিটিকে এ বিষয়ে আরও উদ্যোগ গ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং এ ধরনের কর্মসূচি আয়োজনের জন্য তাদের সাধুবাদ জানাচ্ছি।
এরপর অনুষ্ঠানে বক্তারা ক্যান্সার সম্পর্কিত বিভিন্ন লক্ষণ ও প্রতিকার সম্পর্কে আলোচনা করেন। এ রোগ নিয়ে প্রচলিত সামাজিক লজ্জা, সংকোচ ও ভ্রান্ত ধারণা দূর করে সমাজের সর্বস্তরে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা।