প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৬:৩৩ পিএম
ছবি-যাযাদি নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক কমিটির ২নং সদস্য আমিনুর রহমানকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে সদর থানা পুলিশ লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদ থেকে গ্রেফতার করে। পরে তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিজ্ঞ বিচারক এ আদেশ দেন।
মামলার নথি অনুযায়ী জানা যায়, ২০২৫ সালের ১৩ ডিসেম্বর রাতে নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের হাজীগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে গোপন বৈঠক ও লিফলেট বিতরণের অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা হয়। ওই মামলার এজাহারে আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। সেখানে লিফলেট, লোহার রড ও বাঁশের লাঠি উদ্ধারের কথাও উল্লেখ রয়েছে।
মামলার তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি হিসেবে আমিনুর রহমানের বিরুদ্ধে ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রাথমিক সাক্ষ্য প্রমাণ পাওয়ার দাবি করেছে পুলিশ। পরে শনিবার দুপুরে তাকে নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
আমিনুর রহমানের আইনজীবী মোরসালিন ইসলাম জানান, তারা তার জামিনের আবেদন করেছিলেন। তবে কিছু ত্রুটি থাকায় আদালত তাকে শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
এ বিষয়ে নীলফামারী পুলিশ সুপার মো: ফরহাদ হোসেন খাঁন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত চেয়ারম্যানকে আদালতে মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।