প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৫:১২ পিএম

আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও সফল মাদকবিরোধী অভিযানের মাধ্যমে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বরিশাল জেলার ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি)’ নির্বাচিত হয়েছেন গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল। একই সাথে সেপ্টেম্বর ২০২৬ মাসে সফল মাদক উদ্ধার কার্যক্রমে বিশেষ পারফরম্যান্সের জন্য তাঁকে বরিশাল জেলা পুলিশের পক্ষ থেকে প্রশংসাপত্র প্রদান করা হয়েছে।
জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে গৌরনদী থানার ওসি মো. তারিক হাসান রাসেলের হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন বরিশাল জেলার পুলিশ সুপার জনাব এ, জেড, এম, মোস্তাফিজুর রহমান।
চিত্র ও জেলা পুলিশ সূত্রে জানা যায়, সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ মাসের সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে ‘ক্যাটাগরি-এ’ তে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তারিক হাসান রাসেলকে ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ হিসেবে নির্বাচিত করা হয়। এ ছাড়া ১৩ অক্টোবর ২০২৬ তারিখে ইস্যু করা জেলা পুলিশের এক প্রশংসাপত্রে উল্লেখ করা হয়—সেপ্টেম্বর মাসে গৌরনদী থানা এলাকায় মাদক নিরোধ ও কার্যকারী মাদক উদ্ধারে ভালো পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তাঁকে এই প্রশংসাপত্র প্রদান করা হলো। জেলা পুলিশের পক্ষ থেকে তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।
একটি থানার মূল ভিত্তি হলো এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধীদের দমন ও সমাজ থেকে মাদক নির্মূল করা। স্থানীয় সচেতন মহলের মতে, প্রশাসনিক এ ধরনের মূল্যায়ন ও পুরস্কার কর্মকর্তাদের পেশাগত দায়িত্ব পালনে উদ্দীপনা যোগায়। গৌরনদী মডেল থানার এই স্বীকৃতি পুলিশি সেবার মান আরও বাড়িয়ে তুলবে এবং অপরাধ প্রতিরোধে অফিসারদের দ্বিগুণ উৎসাহ দেবে বলে আশা করা হচ্ছে।
পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় ওসি মো. তারিক হাসান রাসেল জেলা পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই অর্জন কেবল আমার একার নয়, এটি গৌরনদী মডেল থানার প্রতিটি সদস্যের যৌথ প্রচেষ্টার ফল। এই স্বীকৃতি আমাদের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিল। গৌরনদী এলাকাকে অপরাধ ও মাদকমুক্ত করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।”