প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৪:২২ পিএম
ছবি: যাযাদিনারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তার আইনজীবীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে আসামিদের আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আইনজীবী জিয়াউল ইসলাম কাজল, আইনজীবী মাহবুব রহমান ও আতিকুল ইসলাম।
কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের বিরুদ্ধে আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
এর আগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিনের বিষয়ে মঙ্গলবার শুনানি হয়। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। পরে আদালতের কার্যক্রম শেষে গাড়িতে ওঠার সময় আইভী ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং ‘জয় বাংলা কখনো দাবিয়ে রাখা যাবে না’ বলে মন্তব্য করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ওই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে আইনজীবীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।
তুহিন হত্যা মামলায় আইভীকে ১১ নম্বর এজাহারভুক্ত আসামি করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে এক নম্বর আসামি করা হয়েছে। এ ছাড়া সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত, আজমেরি ওসমান ও অয়ন ওসমানসহ ৯৯ জনের নাম এজাহারে রয়েছে। অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।