প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৫.১০.২০২৬ ৯:১৯ পিএম (প্রিন্ট সংস্করণ)
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-ভ্যাট সিস্টেমে জুলাই থেকে সেপ্টেম্বর, এই তিন কর মেয়াদের অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ানো হয়েছে। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত সুদ ও জরিমানা ছাড়াই এ রিটার্ন দাখিল করতে পারবেন করদাতারা। বৃহস্পতিবার এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মো. মাসুদুর রহমানের (মূসক : মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয়) সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় বাজেট ২০২৬-২৭ এ প্রতি তিন কর মেয়াদ সমাপ্তি পরবর্তীতে ভ্যাট রিটার্ন দাখিল সংক্রান্ত বিধান সংশোধনপূর্বক মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ জারি করা হয়েছে। সে মোতাবেক প্রত্যেক কর মেয়াদ সমাপ্তি পরবর্তীতে ভ্যাট রিটার্ন দাখিলের বিধান সংযুক্ত করায় ই-ভ্যাট সিস্টেমে কিছু প্রশাসনিক সংস্কার প্রয়োজন।
বর্ণিত প্রেক্ষাপটে জনস্বার্থে, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ৬৪ এর উপ-ধারা (২) এ প্রদত্ত ক্ষমতাবলে ই-ভ্যাট সিস্টেমে জুলাই-সেপ্টেম্বর/২০২৬ কর মেয়াদসমূহের অনলাইন রিটার্ন সুদ ও জরিমানা ব্যতীত দাখিলের সময়সীমা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হলো। এদিকে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি করেছে সরকার। নতুন বিধান অনুযায়ী, সাধারণ নিবন্ধিত, তালিকাভুক্ত, নিবন্ধনযোগ্য বা তালিকাভুক্তিযোগ্য ব্যক্তিকে কর মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে রিটার্ন দাখিল করতে হবে।