
শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রথমবারের মতো ইনডিয়া সফরে যাচ্ছে চট্টগ্রামের সনাতনী ব্যান্ড দল টিম বৃষ্টি।
ইনডিয়ার আসাম রাজ্যের হাইলাকান্দি জেলার মাধবপুর নব দুর্গা পূজা কমিটির আমন্ত্রণে বুধবার দেশটির উদ্দেশে রওনা দেয় দলটি। সফরে একাধিক মঞ্চে সংগীত পরিবেশন শেষে আগামী ২৮ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে তাদের।
ধর্মীয় সংগীত, দেশজ সুর ও আধুনিক গানের সমন্বয়ে টিম বৃষ্টির পরিবেশনা এরই মধ্যে শ্রোতাদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।
ইনডিয়া সফরে আধুনিক ধর্মীয় গানের পাশাপাশি সমসাময়িক ফোক ঘরানার ফিউশন সংগীত পরিবেশন করবে দলটি।
টিম বৃষ্টির ম্যানেজার অমিত সাহা বলেন, প্রথমবারের মতো ইনডিয়ার মঞ্চে পারফর্ম করার সুযোগ পেয়ে আমরা আনন্দিত ও গর্বিত। এটি আমাদের জন্য বিশেষ অর্জন।
আমরা চাই, আমাদের সংগীত ও সংস্কৃতি সারা বিশ্বের বাংলাভাষী মানুষের কাছে পৌছে যাক। দুই বাংলার মানুষের ভালোবাসা ও আশীর্বাদ নিয়েই আমরা মঞ্চে উঠব।
ভবিষ্যতে দেশ-বিদেশের আরো বড় মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার স্বপ্নের কথাও জানান অমিত সাহা। টিম বৃষ্টির যাত্রা শুরু হয় করোনাকালে।
দলটির ভোকাল বৃষ্টি দে চট্টগ্রামের পটিয়ার বাসিন্দা। তিনি বলেন, করোনার সময় ঘরবন্দি অবস্থায় সমবয়সী কয়েক জনের গানের আড্ডা থেকেই দলটির পথচলা শুরু। পরে বিভিন্ন জায়গায় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে পরিচিতি বাড়তে থাকে। বৃষ্টি দে বলেন, সংগীতচর্চাকে আরও বিস্তৃত করতে তারা গড়ে তুলেছেন টিম বৃষ্টি স্কুল অব মিউজিক নামে একটি গানের স্কুল।
পাশাপাশি উর্বশী গানের সিড়ি ও টিম বৃষ্টি ইউটিউব চ্যানেলে
প্রকাশিত হয়েছে তাদের বেশ কয়েকটি গান। এর মধ্যে রয়েছে ‘মুখে বেশি কথা কইও না’, ‘কত আপন’, ‘নিজেরে বাসিও ভালো’ ও ‘মেঘ পাহাড়ে’।
টিম বৃষ্টির বর্তমান সদস্যরা হলেন বৃষ্টি দে (কণ্ঠ), আকাশ দে (উকুলেলে), বাদশা (বাংলা ঢোল), অমিত সাহা (অক্টোপ্যাড), সুমন দাস (কিবোর্ড), ছোটন ঘোষ (বাশি) ও তন্ময় দত্ত (বেজ গিটার)।