প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩০ পিএম
আরিফুল করিম সিয়াম১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) সহকারী জজ পরীক্ষায় মেধাতালিকায় প্রথম হয়ে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষার্থী আরিফুল করিম সিয়াম। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে ১৮তম বিজেএস পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেন আরিফুল করিম সিয়াম। এ পরীক্ষায় মোট ২০০ জন উত্তীর্ণ হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিয়ামের বন্ধু ফারদিন আব্দুল্লাহ।
দেশসেরা হওয়ার অনুভূতি প্রকাশ করে আরিফুল করিম সিয়াম বলেন, ‘আমার যতটুকু সামর্থ্য ছিল, তা দিয়ে ভালো করার চেষ্টা করেছি। বাকিটা মহান আল্লাহর দান। অনেকেই হয়তো আমার চেয়েও বেশি যোগ্য ছিলেন, কিন্তু দিনশেষে সৃষ্টিকর্তা যাকে ইচ্ছা কবুল করেন।’
আইন বিভাগের জুনিয়র ও ভবিষ্যতে বিজেএস পরীক্ষায় অংশ নিতে আগ্রহীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এই দীর্ঘ যাত্রায় যেন কেউ ধৈর্য না হারায়। প্রস্তুতি নিতে গিয়ে প্রতিদিন সমান সাফল্য আসবে না। কখনো ঘাটতি থাকবে, কখনো ভালো হবে। তবে পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখা এবং নিয়মিত পরীক্ষার মাধ্যমে নিজেকে একটু একটু করে ঝালিয়ে নেওয়া খুবই জরুরি।’
তিনি আরও বলেন, নিজ নিজ লক্ষ্য স্থির রেখে পরিশ্রম করার পাশাপাশি সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখতে হবে।
সিয়ামের এ সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি সাঈদা আনজু। তিনি বলেন, ‘খুবই ভালো লাগছে শুনে। রাবির আইন বিভাগ থেকে আবারও দেশসেরা হয়েছে—এটি অবশ্যই আমার জন্য এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের। সিয়ামসহ ১৮তম বিজেএসে উত্তীর্ণ ২০০ জনকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।’
উল্লেখ্য, ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় মেধাতালিকায় প্রথম স্থান অর্জনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আরিফুল করিম সিয়াম এ কৃতিত্ব অর্জন করেন।