প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৫ পিএম
ছবি-যাযাদি খুলনার কয়রা সদর ইউনিয়নের ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে ২০২৪ সাল থেকে চলমান ম্যানগ্রোভ বনায়ন কার্যক্রম পরিদর্শন করেছেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আবদুল্লাহ আল বাকী।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সিএনআরএস (CNRS) কর্তৃক পরিচালিত এ বনায়ন কার্যক্রমের অগ্রগতি ও গাছের বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় উপজেলা বন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন কয়রা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মাসুম বিল্লাহ এবং কয়রা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
জানা গেছে, উপকূলীয় পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে ২০২৪ সাল থেকে ওই এলাকায় ম্যানগ্রোভ বনায়ন কার্যক্রম চলমান রয়েছে। বনায়ন এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে এবং সেগুলোর পরিচর্যা ও সংরক্ষণের কার্যক্রমও অব্যাহত রয়েছে।
বনায়নের সুরক্ষার স্বার্থে ওই এলাকায় সাধারণ মানুষের চলাচল এবং গরু-ছাগল চরানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বনায়ন এলাকার গাছ ও চারাগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য স্থানীয়দের এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
ম্যানগ্রোভ ব্যবস্থাপনা কমিটির গোবরা, কয়রা, খুলনা-এর সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমানের আদেশক্রমে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, উপকূলীয় এলাকায় ম্যানগ্রোভ বনায়ন পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সহায়ক হতে পারে। তবে বনায়ন কার্যক্রমের সুফল পেতে হলে রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করা জরুরি।
পরিদর্শনকালে বনায়ন এলাকার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ এবং গাছের পরিচর্যা ও সুরক্ষার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হয়।