প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৬ পিএম
ছবি-যাযাদি ডেঙ্গু প্রতিরোধ, মশক নিয়ন্ত্রণ ও নগর পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বাড়াতে ময়মনসিংহে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্ক থেকে র্যালিটি শুরু হয়। ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীরা অংশ নেন।
র্যালিটি শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্ক থেকে শুরু হয়ে টাউন হল, নতুনবাজার, গাঙ্গিনারপাড়, বাঘমারা, চরপাড়া মোড় ও ময়মনসিংহ মেডিকেল কলেজ গেইট অতিক্রম করে টাউন হল অডিটোরিয়াম প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকনের উদ্যোগে আয়োজিত র্যালিতে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, জেলা ক্রীড়া কর্মকর্তা, উপজেলা প্রশাসনের প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাইকেল নিয়ে অংশ নেন।
র্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশের এলাকা পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণের বিষয়ে নগরবাসীকে সচেতন করার বার্তা দেন।
আয়োজকেরা জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়। নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ ও নিজ নিজ বাসাবাড়ি এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে মশার প্রজননস্থল কমানো সম্ভব। এ কারণে জনসম্পৃক্ততা বাড়াতেই এমন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
র্যালি শেষে টাউন হল অডিটোরিয়াম প্রাঙ্গণে অংশগ্রহণকারীদের মাঝে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসকের পক্ষ থেকে সকালের নাস্তা পরিবেশন করা হয়।