প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৩ পিএম
ছবি-যাযাদি পরিকল্পিত আগুন সন্ত্রাসের প্রতিবাদে জয়পুরহাটের ক্ষেতলালে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ক্ষেতলাল উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার পূর্ব বাজার পর্যন্ত প্রদক্ষিণ করে।
পরে পূর্ব বাজার তিনমাথা জিরো পয়েন্টে উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিক পার্থ, পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলীম, সাধারণ সম্পাদক নাফেউল হাদী মিঠু, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরীসহ দলীয় নেতারা।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিলে অংশগ্রহণকারীরা আগুন সন্ত্রাসের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।